১৪ মার্চ বিসিএস নির্বাচন

২৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:৫৬  
আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে প্রাচীন প্রযুক্তি শিল্পের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২০-২০২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও আট শাখা কমিটির নির্বাচন। সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাসে প্রার্থী মনোনয়ন শুরু হবে। তবে তার আগে বাংলাদেশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড। অবশ্য এ বিষয়ে বারবার বিসিএস সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানাগেছে, প্রথমে ১৫ জানুয়ারি নির্বাচনের কথা চিন্তা করা হলেও ওই দিন রোববার থাকায় ভোটের দিন এক দিন এগিয়ে আনা হয়েছে। খুব শিগিগিরি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই মোবাইল টেলিকম অপারেটর্স অফ বাংলাদেশ (অ্যামটব)-এর সাবেক মহাসচিব টি. আই. এম. নূরুল কবির-কে চেয়্যারম্যান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার প্রতিষ্ঠাতা শেখ কবির আহমেদ  ও এক্সেল টেকনোলজিসের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী এই কমিটির সদস্য। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম নির্বাচন বোর্ডের আপিল বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকছেন  বেসরকারি টেলিভিশন ৭১ টিভি’র সিইও মোজাম্মেল বাবু এবং ট্রেসার ইলেকট্রোকম সত্বাধিকারী আবুল কালাম আজাদ। সর্বশেষ তথ্য অনুযায়ী, সংগঠনটিতে এখন ২,৩০০ সদস্য রয়েছেন। তবে চূড়ান্ত তালিকা অনুযায়ী ২০১৮-২০ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পান ৯৩৮ সদস্য। তাই নির্ধারিত সময়ের মধ্যে কতজন চাঁদা পরশোধ করে ভোটার হবেন সময়ই সেটা বলে দেবে।